
কক্সবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭-এর যৌথ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. সরোয়ার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সদর থানার কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোডসংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে সরোয়ার পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে সাদা স্কচটেপে মোড়ানো সাতটি বান্ডেলে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ৩৪০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার ও সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি।
উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ সরোয়ারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।